মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগে মাগুরা ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সমিতির ১ নম্বর সহসভাপতি মো. রকিবুল ইসলাম রিপুকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নাঈমুজ্জামান নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, নয়নের দায়িত্বে থাকা পদটি শূন্য হওয়ায় সমিতির ১ নম্বর সহসভাপতি মো. রকিবুল ইসলাম রিপুকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে মাগুরা শহরের ভায়না এলাকায় পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগে নয়নসহ তিনজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ওই মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।