মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ‘সেলফি পরিবহন’-এর কারণে সাধারণ যাত্রীদের জীবন বিপন্ন ও নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে এর রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’। মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এই দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে চলাচল করে থাকে। কিন্তু ‘সেলফি পরিবহন’-এর বেপরোয়া ও প্রতিযোগিতা মূলক ড্রাইভিং, অতিরিক্ত গতি এবং ওভারটেকিংয়ের প্রবণতার কারণে প্রতিনিয়ত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, যাতে মূল্যবান প্রাণহানি ও যাত্রীদের অঙ্গহানি ঘটছে।
মূল দাবি ও অভিযোগসমূহ:
রুট পারমিট বাতিল: জননিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল করার দাবি জানানো হয়েছে।
আইনগত ব্যবস্থা: বিগত দিনগুলোতে এই পরিবহনের কারণে ঘটিত দুর্ঘটনাগুলোর রেকর্ড, মামলা ও ফিটনেস যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
চালকদের যোগ্যতা যাচাই: সেলফি পরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, আইরিশ টেস্ট ও রিফ্রেশার ট্রেনিংয়ের ব্যবস্থা করাসহ অপ্রাপ্তবয়স্ক বা অদক্ষ চালকদের গাড়ি চালানো রোধ করার কথা বলা হয়েছে।
গতি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ: মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
যাচাই-বাছাই ও রুট পারমিট নীতি: রুট পারমিট দেওয়ার ক্ষেত্রে গাড়ির ফিটনেস, রুট সংখ্যা এবং চালকদের ডোপ টেস্টের মতো কঠোর নিয়ম চালুর সুপারিশ করা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, কোনো ব্যবসা বা আর্থিক স্বার্থ মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। তাই জনস্বার্থ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেলফি পরিবহনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।