নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) মমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স মদিনা এগ্রো এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ মোহন আলীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। অভিযানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিষয়টি ধরা পড়লে ব্যবসায়ী মোঃ মোহন আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান, রণজিত কুমার সিংহ ও মোঃ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানায়, কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধভাবে সার মজুদ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিরাজুল ইসলাম
নলডাঙ্গা নাটোর