সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে চলছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৫ সেপ্টেম্বর) ছিল এ প্রতিযোগিতার দ্বিতীয় দিন। বিকেল থেকে যমুনা নদীর শাখায় নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা।
উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের সুসজ্জিত নৌকা নদীর বুকে ছুটে চললে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নৌকার মাঝিদের ছন্দময় বৈঠার তালে তালে নদীর পাড়ে উপস্থিত দর্শকরাও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। অনেকে নৌকা ও ছোট ছোট ট্রলারে করে নদীর মাঝেও অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আবহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির বেলকুচি শাখার ম্যানেজার মনির হোসেন, ঢাকা ব্যাংকের হেড অব ব্র্যান্ডিং মিজান রহমান, শাহজাদপুর শাখার ম্যানেজার রাকিব আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নৌকা বাইচের গভীর সম্পর্ক রয়েছে। সময়ের সঙ্গে নানা কারণে এ ধরনের আয়োজন কমে গেলেও স্থানীয় মানুষের আগ্রহ ও সহযোগিতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার শেষ দিনেও বিভিন্ন এলাকার নৌকা অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা। নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আল-আমিন হোসেন
(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
