সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ সম্মেলনে পুলিশের উপস্থিতি, পালালেন বহিষ্কৃত যুবদল নেতা

সংবাদ সম্মেলনে পুলিশের উপস্থিতি, পালালেন বহিষ্কৃত যুবদল নেতা

ENTER TV


সংবাদ সম্মেলনে পুলিশের উপস্থিতি, পালালেন বহিষ্কৃত যুবদল নেতা

ফার্মেসি ব্যবসায়ীকে মারধর করে ৬ ঘন্টা আটকে রাখা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দল থেকে বহিষ্কৃত যুবদল নেতা ফজলুল হক রোমান নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। রোমান চলে যাওয়ার পর সংবাদ সম্মেলনটি আর অনুষ্ঠিত হয়নি।
এর আগে একই দিন পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ফজলুল হক রোমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে গাজীপুর জেলা যুবদল। দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারের পর নিজের অবস্থান তুলে ধরতে বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রোমান। সংবাদ সম্মেলন শুরুর আগেই সেখানে পুলিশের উপস্থিতি টের পান তিনি। এরপর বক্তব্য না দিয়েই সেখান থেকে চলে যান। পরে সংবাদ সম্মেলনটি ভেস্তে যায়।
ফজলুল হক রোমান মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মাওনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজের কার্যালয়ে এক ফার্মেসি ব্যবসায়ীকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে লোহার রড দিয়ে মারধর করা হয়। একই সময় তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া এবং শ্রীপুরে ব্যবসা করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়।
ভুক্তভোগী মো. আতিকুল ইসলামের অভিযোগ, প্রেসক্রিপশন ছাড়া হৃদরোগের ওষুধ দিতে অস্বীকৃতি জানানোর জেরে তাঁকে রোমানের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে আটকে রেখে মারধর করায় তাঁর দুই উরুতে জখম হয়।
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় ফজলুল হক রোমানসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আতিকুল ইসলাম। অভিযোগে তাঁকে হত্যার হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
আতিকুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, স্বামীকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও অশ্লীল ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
রোববার গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ ও সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফজলুল হক রোমানকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, “অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোমানকে বহিষ্কার করা হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না।”
এদিকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার আগেই চলে যাওয়ায় ফজলুল হক রোমানের বক্তব্য পাওয়া যায়নি।

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি