নওগাঁর মান্দায় অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা থানার এই এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।”
তিনি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নওগাঁ জেলা পুলিশ কিশোর গ্যাংকে কঠোর হাতে দমন করবে। ইতোমধ্যে মান্দার এ এলাকার কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত সুলটান ও পারভেজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যারা কিশোর গ্যাং কিংবা মাদকের সঙ্গে যুক্ত হবে, তাদেরও আইনের আওতায় এনে জেলহাজতে পাঠানো হবে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা পুলিশ সুপারের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় উপস্থিত সবাই হাত তুলে মাদক প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নাজমুল হক,
নওগাঁ জেলা প্রতিনিধি :
