পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষীপুরা এলাকার রাজু বেকারীর পেছনের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ভান্ডারিয়া পৌরসভার লক্ষীপুরা এলাকার মৃত রুস্তম মল্লিকের ছেলে মোঃ ইকবাল মল্লিক (৩৯) এবং দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুবের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইকবাল ও জসিমকে আটক করে এবং তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।