শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

বরিশালে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

বরিশালে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

ইএসডিআই ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ, চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইয়ুম, নির্মাতা খন্দকার সুমন ও অভিনেতা হায়দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। স্বাগত বক্তব্য দেন ইএসডিআই ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

উদ্বোধনী পর্ব শেষে প্রদর্শিত হয় চলচ্চিত্র নির্মাতা তানিম নূরনি নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খন্দকার সুমনের চলচ্চিত্র ‘সাঁতাও’।

বরিশালে প্রথমবারের মতো চলচ্চিত্র উৎসব আয়োজনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন নির্মাতা খন্দকার সুমন। তিনি বলেন, “বরিশালে আজ ইতিহাস তৈরি হলো। প্রথমবারের মতো বরিশালে চলচ্চিত্র উৎসব হচ্ছে। এ যেন সীমানা পেরিয়ে চলচ্চিত্রের মোহনায় এসে মিলিত হওয়া। বরিশালবাসী আজ শহরে বসেই উত্তরের প্রাণ-প্রকৃতির চলচ্চিত্র ‘সাঁতাও’ এবং নির্মাতা মুহাম্মদ কাইয়ুমের হাওরের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ দেখবেন।”

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ বলেন, “বরিশাল চলচ্চিত্র উৎসব নাম দিয়ে আজ আয়োজনটি শুরু হচ্ছে। তবে দর্শকের আগ্রহ ও আয়োজকদের ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে, আগামী বছরই এটি বরিশাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে আবির্ভূত হতে পারে।”

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্রচর্চার পরিবেশ তৈরিতে ফিল্ম সোসাইটিগুলোকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। দেশের যেকোনো প্রান্তে চলচ্চিত্র নিয়ে এমন আয়োজনকে তারা স্বাগত জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন।

উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা। এতে মাস্টারক্লাস নেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নির্মাতা মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন।

কর্মশালা শেষে বিকেলে একই স্থানে প্রদর্শিত হবে চারটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’সহ আরো দুটি চলচ্চিত্র।

আয়োজকদের আশা, এই উৎসবের মধ্য দিয়ে বরিশালে চলচ্চিত্রচর্চার নতুন পরিসর তৈরি হবে এবং স্থানীয় দর্শকদের দেশীয় ও বিকল্পধারার চলচ্চিত্রের সঙ্গে আরো গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা