গাজীপুরের শ্রীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ২০ জন উদ্যোক্তার মধ্যে ৩০ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল ইকোসিস্টেম ঋণ, পল্লী নারী উদ্যোক্তা, ‘এক গ্রাম এক পণ্য’ ও পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় এসব ঋণ দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবনের ক্ষণিকায় আয়োজিত অনুষ্ঠানে ঋণগ্রহীতাদের হাতে ঋণের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূইয়া।
শ্রীপুর শাখা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাহিদ ভূইয়া বলেন, ঋণের অর্থ শুধু ব্যয় না করে তা উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করে মূলধন বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এ অর্থের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
ব্যাংক সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে ২০ জন সদস্যকে মোট ৩০ লাখ ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদনমুখী কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যেই এ ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঋণগ্রহীতাদের উদ্দেশে ইউএনও বলেন, ঋণের অর্থ যথাযথ কাজে ব্যবহার করতে হবে এবং নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ করতে হবে। এতে ব্যাংকের ঋণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে অন্য উদ্যোক্তারাও ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ঋণগ্রহীতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
