নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর ঘাটে জমে উঠেছে পূণর্ভবা নদীর তাজা দেশীয় মাছের কেনাবেচা। শুক্রবার ভোরে আলো ফোটার আগেই নদী থেকে মাছ নিয়ে একের পর এক নৌকা ঘাটে ভিড়তে শুরু করে। জেলেদের হাঁকডাক, ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা আর তাজা মাছের পসরা—সব মিলিয়ে সকাল থেকেই প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো ঘাট এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা সারা রাত পূণর্ভবা নদীতে মাছ ধরার পর ভোরে নৌকাভর্তি মাছ নিয়ে নিতপুর ঘাটে ফিরে আসেন। ঘাটে নৌকা ভেড়ার পর শুরু হয় মাছ বাছাই ও বিক্রির ব্যস্ততা। নদী থেকে ধরা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ আকার ও প্রজাতি অনুযায়ী আলাদা করে সাজানো হয়।
এ সময় গুচি, বাইম, আইড়, বোয়াল, টেংরা, পাবদা, পুঁটি, শোলসহ নানা প্রজাতির দেশীয় মাছ দেখা যায়। নদীর তাজা মাছ হওয়ায় এসব মাছ কিনতে ভোর থেকেই স্থানীয় ক্রেতা ও পাইকারদের ভিড় জমে ঘাটে।
ঘাটে বাছাই শেষে মাছগুলো নিয়ে যাওয়া হয় নিতপুর পুরাতন বাজারে। সেখানে শুরু হয় পাইকারি ও খুচরা কেনাবেচা। ব্যবসায়ীদের হাঁকডাক ও ক্রেতাদের দরদামে বাজারজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নিতপুর পুরাতন বাজার থেকে এসব মাছ পোরশা উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার আড়তেও সরবরাহ করা হয়।
একজন স্থানীয় জেলে বলেন, “পূণর্ভবা নদীর দেশীয় মাছের স্বাদ ও চাহিদা সবসময়ই বেশি। সারা রাত মাছ ধরার পর ভোরে ঘাটে নিয়ে আসি। ঘাটে মাছ নামানোর পর দ্রুতই পাইকাররা কিনে নিয়ে যান। এতে আমাদেরও ভালো আয় হয়।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নদীতে দেশীয় মাছের সরবরাহ ভালো থাকলে নিতপুর ঘাট ও পুরাতন বাজারে কেনাবেচা আরও জমজমাট হয়ে ওঠে। এতে জেলে, মাছ ব্যবসায়ী, পরিবহনকর্মীসহ সংশ্লিষ্ট অনেক মানুষের জীবিকা সচল থাকে।
পূণর্ভবা নদীর তাজা দেশীয় মাছের এই নিয়মিত সরবরাহ শুধু স্থানীয় মানুষের মাছের চাহিদাই পূরণ করছে না, বরং নিতপুর ঘাট ও পুরাতন বাজারকে ঘিরে গড়ে ওঠা মৎস্য ব্যবসার অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল রাখছে। ফলে নিতপুর ঘাট স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের পাশাপাশি তাজা নদীর মাছপ্রেমীদের কাছেও দিন দিন গুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে পরিচিতি ধরে রেখেছে।
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
