কুড়িগ্রামের রৌমারীর ঐতিহ্যবাহী নৌকাবাইচের নৌকা ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জের বেউথা ঘাটে। আগামীকাল শনিবার (৩ অক্টোবর) মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা এলাকায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে তিন দিনে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে পৌঁছেছেন।
তিনি বলেন, ভারতের শাল কাঠ দিয়ে তৈরি ‘মায়ের দোয়া’ নৌকাটির এবারই প্রথম নৌকাবাইচে অংশগ্রহণ। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে এক বছর ধরে নৌকাটি তৈরি করা হয়েছে। প্রথমবারের প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হওয়ার ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।
আয়োজকরা জানান, এবারের নৌকাবাইচে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার চার ক্যাটাগরির মোট ২২টি নৌকা অংশ নেবে। এর মধ্যে খেল্লা/গয়ইটা ১০টি, ঘাসি/ছিপা ৫টি, ছান্দি ৪টি এবং পানসি ৩টি নৌকা রয়েছে। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও প্রতিযোগিতায় অংশ নেবে।
কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় ঘাসি ও খেল্লা নৌকার বাছাইপর্ব শুরু হবে। ছান্দি ও পানসি নৌকাগুলো সরাসরি মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে।
আয়োজকরা আরও জানান, এবারের নৌকাবাইচে অংশগ্রহণকারী প্রতিটি নৌকার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। চারটি ক্যাটাগরিতে বিজয়ী নৌকার জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার।
খেল্লা/গয়ইটা ও ঘাসি নৌকাবাইচে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১০০ সিসি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। এছাড়া বাছাইপর্বেও দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকবে ফ্রিজ।
ছান্দি ও পানসি নৌকাবাইচে প্রথম পুরস্কার হিসেবে থাকবে দুটি ইলেকট্রিক বাইক। দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে দুটি ১১ সিএফটি ফ্রিজ দেওয়া হবে। পুরস্কারের পাশাপাশি প্রতিটি নৌকার জন্য থাকবে পিতলের কাপ।
এছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা ও ব্যক্তিদের জন্য টেলিভিশন, প্রেসার কুকার ও রাইস কুকারসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটের ঐতিহ্যবাহী এ নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
