শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে তালাবদ্ধ ঘরে আগুনে কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরে তালাবদ্ধ ঘরে আগুনে কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরে তালাবদ্ধ ঘরে আগুনে কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ টিনের ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া কলেজছাত্র দেলোয়ার হোসেন (১৮) মারা গেছে। শনিবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মোহাম্মদ বুদু মিয়ার ছেলে। তিনি বাবার সঙ্গে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাঁটিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য, সাঁটিয়াবাড়ি এলাকায় জমি নিয়ে স্থানীয় বাসিন্দা হুরমত আলী ও ফাইজুদ্দীন পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমিতে একটি জরাজীর্ণ টিনের ঘর রয়েছে। শনিবার রাতে ওই ঘরে আগুন লাগার পর ভেতর থেকে কান্না ও চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে লোকজন দরজা ভেঙে দেলোয়ারকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, ঘরটি সাধারণত বাইরে থেকে তালাবদ্ধ রাখা হতো। সেখানে দেলোয়ার কীভাবে গেলেন এবং কীভাবে ঘরের ভেতরে আগুন লাগল—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে আগুন লাগার কারণ কিংবা ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেশী ইসমাঈল হোসেন বলেন, শনিবার রাতে ওই ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে যান। এ সময় ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান তারা। পরে দরজা ভেঙে দেলোয়ারকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে গিয়েছিল। কীভাবে তিনি ওই ঘরে গেলেন, সে বিষয়ে তখন স্পষ্ট কিছু বলতে পারেননি।
জমির মালিক শেখ হুরমত আলী বলেন, ফাইজুদ্দীনদের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমিটি পাহারা দেওয়ার জন্য সেখানে একটি টিনশেড ঘর করা হয়েছে। সাধারণত তিনি রাতে সেখানে ঘুমাতে যান এবং দিনের বেলায় ঘরটি তালাবদ্ধ থাকে। শনিবার সন্ধ্যায় ঘরে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি দেলোয়ারকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। তিনি দাবি করেন, দেলোয়ারকে তিনি চেনেন না এবং কীভাবে ওই ঘরে ঢুকেছেন বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তিনি জানেন না।
নিহতের বাবা মোহাম্মদ বুদু মিয়া বলেন, তাঁর ছেলে কীভাবে ওই ঘরে গেল, তা তিনি জানেন না। গুরুতর দগ্ধ অবস্থায় ছেলেকে হাসপাতালে নেওয়ার পর রাত পেরোতেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি পরিকল্পিত কি না, তা তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানান তিনি। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হয়—এমন দাবি করেন তিনি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই দেলোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ এবং আগুন লাগার বিষয়টি স্পষ্ট হবে।

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি