তিনি ১৯৬৮ সালের ৫ অক্টোবর আগারপাড়ায় শৈলেন এবং নীলিমা রায়ের পরিবারে জন্মগ্রহণ করেন। শতাব্দী রায় সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে মাধ্যমিক পড়া সম্পন্ন করেন এবং তারপর তিনি যোগমায়া দেবী কলেজে ভর্তি হন।
'আতঙ্ক' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন শতাব্দী রায়, এই ছবির পরিচালক ছিলেন তপন সিন্হা এবং সিনেমাটি মুক্তি পায় ১৯৮৬ সালে। এর পূর্বে তিনি দীনেন দাসগুপ্ত পরিচালিত 'টিনা' নামক একটি সিনেমায় অভিনয় করেন, যা মুক্তি পায় নি।
এরপর গুরুদক্ষিণা, আপন আমার আপন ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে সাধারণ দর্শকের মনে জায়গা করে নেন তিনি।
২০০৫ সালে দেবীপক্ষ সিনেমায় অভিনয়ের জন্য তিনি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে ভূষিত হন।
২০০৯ সালে তিনি একটি কল্পবিজ্ঞান নির্ভর চলচ্চিত্র 'ফ্রেন্ড' পরিচালনা ও অভিনয় করেন। কিন্তু সেই সিনেমা সেরকম ভাবে সাড়া পায় নি।
অভিনয়ের পাশাপাশি তিনি পেইন্টিং এবং কবিতা লেখাতেও সমান পারদর্শী। তার বেশ কিছু কবিতার বই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে।
বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস দলের একজন সাংসদ। এছাড়া শতাব্দী ফাউন্ডেশন নামক সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে তিনি নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছেন।
তার স্বামী একজন মার্কেটিং এক্সিকিউটিভ। দুই সন্তান সাম্যরাজ (তোজো) এবং মৃগাঙ্ক বন্ধোপাধ্যায়।
শতাব্দী রায়ের জীবনপথ এক অনুপ্রেরণা। অভিনয়, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় তাঁর অবদান বাঙালির কাছে গর্বের বিষয়।
শতাব্দী রায়কে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা