সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, গণপূর্ত উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সহিদুল হাসান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্যা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মাগুরার উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরার উপপরিচালক আব্দুল আওয়ালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিত করা শুধু নাগরিক সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। দ্রুত নগরায়নের ফলে আবাসন, পরিবেশ ও নাগরিক সেবার ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই নগরায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশগত অবনতি কমাতে অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন জরুরি। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, এনজিও ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। নিরাপদ ও টেকসই আবাসনের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
