মো.মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি বলেও জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে, আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড় জেলায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। পরে কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহযোগিতায় পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর থানাধীন কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত মুক্তা পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার মামলা নং-১২, তারিখ ১০ নভেম্বর ২০২৪; জিআর নং-৪২১/২৪। মামলায় পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৫, ৩০২, ২০১, ৫০(২), ১১৪ ও ৩৪ ধারাসহ ৪৪৮, ১৪৩, ৩২৩, ৪২৭, ৪৩৫ ও ৫০৬ ধারায় মামলা তদন্তাধীন রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, তার বিরুদ্ধে গুম-হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তার মায়ের নাম নুরজাহান ভূইয়া। তার স্থায়ী ঠিকানা সাতখামার, আটোয়ারী, পঞ্চগড় এবং বর্তমান বসবাসের ঠিকানা পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকা।