মহান বিজয় দিবস আগামীকাল মঙ্গলবার। বীর জাতি হিসেবে আত্মপ্রকাশের গৌরবময় দিন। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, রাত পোহালেই সেই বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধায় স্মরণ করবে জাতি। এই উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে, দেশের সূর্যসন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। শ্রদ্ধায়, স্মরণে, ভালোবাসা আর আবেগময়তায় সিক্ত হতে জাতীয় স্মৃতিসৌধ। প্রস্তুতি শেষ। পুরো সৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রং তুলির আঁচড়ে হয়ে উঠেছে মহিমায় উদ্ভাসিত শ্রদ্ধার সৌধ।
বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রদান করা হবে গার্ড অব অনার। সম্পূর্ণ হয়েছে তিন বাহিনীর মহড়া। সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। স্মৃতিসৌধের ভিতরে ও বাইরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের দুয়ার।
