ভারতের বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি
। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বিভা সেনগুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শ্রাবণী সেন।
বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী। মৃত্যুর কয়েক দিন আগেও বিভার সঙ্গে দেখা হয়েছিল সংগীতশিল্পী অলক রায়চৌধুরীর।
বিভা সেনগুপ্তের গায়কিতে ছিল নিজস্ব এক কথনভঙ্গি। সেখানে তার সংগীতগুরু দেবব্রত বিশ্বাসের প্রভাব স্পষ্ট হলেও গুরুর গায়কির নির্যাস আত্মস্থ করে নিজের স্বাতন্ত্র্য ধরে রেখেছিলেন তিনি। গানকে শুধু গাওয়া নয়, যেন শ্রোতার সামনে বলে যাওয়ার মতো করে উপস্থাপন করতেন বিভা।
বেশ কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগছিলেন বিভা। শ্রবণশক্তিও কিছুটা কমে গিয়েছিল। জীবনে কাছের মানুষ হারানোর শোকও ছিল। তবে এসবের কোনো কিছুই তার সংগীতসাধনাকে থামাতে পারেনি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা