কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন বাজারে গ্যাস সিলিন্ডারে জালিয়াতির অভিযোগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
তবে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট দোকানটি বন্ধ পাওয়া যাওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পরে উপজেলার রামপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অধিকাংশ দোকান বন্ধ পাওয়া যায়।
এ সময় একটি দোকানে গিয়ে দেখা যায়, সেখানে কোনো মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং দোকানটির প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না। তবে গ্যাস সিলিন্ডারের ওজন সঠিক পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট দোকানিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিয়মশৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের প্রয়োজনীয় নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
