শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় নবজাতকের মৃত্যু হাসপাতাল মালিক গ্রেপ্তার

পোরশায় নবজাতকের মৃত্যু হাসপাতাল মালিক গ্রেপ্তার

পোরশায় নবজাতকের মৃত্যু হাসপাতাল মালিক গ্রেপ্তার

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনায় আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালের মালিক মোঃ আহসান হাবিবকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোঃ আমিন (৩৮) তাঁর প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে চিকিৎসার জন্য আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসাঃ শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রামের প্রতিবেদন পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের ওপর আস্থা রেখে পরিবারের পক্ষ থেকে অপারেশনের সম্মতি দেওয়া হয় এবং হাসপাতালের নির্ধারিত খরচ পরিশোধ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিবারের সদস্যদের না জানিয়ে চিকিৎসক ডা. শারমিন আক্তারের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করান। অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন করে সময়ক্ষেপণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকেরা তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। মামলার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পোরশা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর পোরশা থানা পুলিশের একটি দল সরাইগাছী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালের মালিক মোঃ আহসান হাবিবকে গ্রেফতার করে। তাঁর বয়স ৪০ বছর বলে প্রতিবেদনের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। তাঁর পিতা মৃত আনিছুর রহমান এবং মাতা রাবেয়া বেগম। তাঁর বাড়ি পোরশা উপজেলার শহরন্দ গ্রামে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং চিকিৎসাসেবায় কোনো অনিয়ম বা অবহেলা হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

 

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: