মাগুরার শালিখা উপজেলায় ফটকি নদীতে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসানের নেতৃত্বে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ফটকি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি উপস্থিত ছিলেন।
অভিযানকালে শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। এ ছাড়া দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।
পরে জব্দ করা জালগুলো আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান জানান, অবৈধ জালের ব্যবহার বন্ধ, নদীর মাছের প্রজনন রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জসীম উদ্দীন
শালিখা (মাগুরা)
