মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন যুগেও নির্মাণ হয়নি সেতু,

প্রতিশ্রুতির অপেক্ষায় সাহেবের চরবাসী


তিন যুগেও নির্মাণ হয়নি সেতু,

হাজারো মানুষের দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার; ৫০০ একর জমির ফসল ঘরে তুলতেও ভোগান্তি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকায় একটি সেতুর অভাবে তিন যুগেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। ব্রহ্মপুত্র নদের শাখা খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, সরকারি কর্মকর্তাদের একাধিকবার মাপজোক এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও আজ পর্যন্ত নির্মিত হয়নি সেতুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবের চর হাজীবাড়ী এলাকার খালের ওপারে রয়েছে প্রায় ৫০০ একর আবাদি জমি। এসব জমিতে উৎপাদিত ফসল ঘরে তুলতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকেরা। চলাচলের জন্য কোনো কোনো সময় বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। বর্ষা মৌসুমে পানির উচ্চতা বেড়ে গেলে বুকসমান পানি পার হয়ে যাতায়াত করতে হয়। এতে কৃষকদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিতে ভিজে নষ্ট হচ্ছে তাদের বই-খাতা ও পরনের পোশাক।

স্থানীয় বাসিন্দা আবদুল ওয়াদুদ বলেন, “এই খালের ওপর একটি সেতু আমাদের দীর্ঘদিনের দাবি। তিন যুগেরও বেশি সময় ধরে আমরা এই দুর্ভোগ সহ্য করছি। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন, কর্মকর্তারাও এসে মাপজোক করেছেন। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। আমরা আর আশ্বাস চাই না, দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ দেখতে চাই।”

স্থানীয় বাসিন্দা শিমুল হাজী বলেন, “একটি সেতুর অভাবে এলাকার কৃষক, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে রয়েছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। কৃষকদের উৎপাদিত ফসল আনা-নেওয়া করতে অনেক কষ্ট করতে হয়। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সেতু নির্মাণ করা হোক।”

আরেক বাসিন্দা খলিল মিয়া বলেন, “নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর এই এলাকার মানুষের দুর্ভোগের কথা অনেকেই ভুলে যান। বছরের পর বছর ধরে আমরা একটি সেতুর জন্য অপেক্ষা করছি। আর কতদিন অপেক্ষা করতে হবে, সেটাই এখন আমাদের প্রশ্ন। কোনো দুর্ঘটনায় প্রাণহানির আগে সেতুটি নির্মাণ করা জরুরি।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সেতুটি নির্মিত হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সাহেবের চর হাজীবাড়ী এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন দেখতে চান ভুক্তভোগী এলাকাবাসী।

বদরুজ্জামান ভূঁইয়া

হোসেনপুর (কিশোরগঞ্জ)