আজিজুর রহমান শাহীন পানছড়ি উপজেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১১ দশমিক ৬৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৮৮০ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের জেসিও-১০৯১৬ নায়েব সুবেদার সিগন্যাল মো. শাহীন আল মামুনের নেতৃত্বে একটি বি-টাইপ টহলদল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর কবরস্থানের পাশের এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন আকারের মোট ১৫ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়।
পরে জব্দকৃত কাঠ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
