মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক ছাত্র অংশগ্রহণ করেন। গাইবান্ধা সরকারি কলেজ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।
র্যালি শেষে জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. ফয়সাল কবির রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মোঃ ইউসুফ আল কার্যাভী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর সভাপতি মো. হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি মো. সোহেল রানা, কলেজ শাখার সভাপতি মো. মাহামুদুল হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক নেতৃত্ব অপরিহার্য।’
তারা আরও বলেন, ‘বিজয় আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সচেতন ও সংগঠিত হতে হবে।’
সমাবেশে নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
