বিশ্ববাজারে রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে মার্কিন শ্রমবাজারের দুর্বল তথ্য প্রকাশের পর স্বর্ণের দামও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদের হার আরও কমার সম্ভাবনা তৈরি করেছে, যা মূল্যবান ধাতুর বাজারকে চাঙ্গা করছে।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) স্পট সিলভারের দাম একদিনে ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে, লেনদেনের শুরুতে রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৬৬ দশমিক ৫২ ডলার পর্যন্ত উঠেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকট, শিল্প খাতে শক্তিশালী চাহিদা এবং বাড়তে থাকা জল্পনামূলক বিনিয়োগ-এই তিনটি বিষয় মিলেই রুপার দামে এমন উল্লম্ফন ঘটিয়েছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, রুপা এখন বিকল্প বিনিয়োগ বাজারের অন্যতম আলোচিত উপাদান হয়ে উঠেছে। চাহিদার দিক থেকে রুপার ভবিষ্যৎ এখনও অত্যন্ত ইতিবাচক। রুপা একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা সবুজ জ্বালানি কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত। সরবরাহ পরিস্থিতি অত্যন্ত আঁটসাঁট থাকায় বিনিয়োগকারীরা এই ধাতুর দিকে আরও ঝুঁকছেন।
রুপার পাশাপাশি স্বর্ণের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৩১৭ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ১২৮ শতাংশ। অন্যদিকে, স্বর্ণের দাম গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এখনও শক্ত অবস্থানে রয়েছে।
