শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির টিকিট পাচ্ছেন না দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়ার তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসনটি থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
এদিকে শরিকদের আসনটি ছেড়ে দেয়ার ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন রুমিন ফারহানা। স্বতন্ত্রভাবে ওই আসন থেকে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি।
রুমিন ফারহানার পিএস জাকির হোসেন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। নির্বাচনে জয়ের জন্য স্থানীয় ভোটারদের সহায়তাও চান তিনি।
