আজকালের ব্যস্ত জীবনে দিনভর কাজ, লেখাপড়া আর মোবাইলের ভিড়ে মাথা ঠিকমতো কাজ করছে না - এমন অনুভূতি এখন খুব পরিচিত। নাম ভুলে যাওয়া, কোনো কাজে মন বসতে না চাওয়া, ছোটখাটো বিষয় মনে রাখতে কষ্ট হওয়া - এসবই হচ্ছে মস্তিষ্কের ক্লান্তির লক্ষণ।কিন্তু ভালো খবর হলো, মস্তিষ্ককে ফুরফুরে রাখতে লম্বা সময় বা কঠিন কোনো ব্যায়ামের দরকার নেই। প্রতিদিন মাত্র ৫ মিনিটই যথেষ্ট। সহজ এবং কার্যকর এই ব্যায়ামগুলো সবার জন্য উপকারী। চলুন, সহজ ভাষায় জেনে নিই কী কী করলে এই ভুলে যাওয়ার সমস্যা কমানো সম্ভব -নাম মনে করার ছোট্ট খেলা
সাম্প্রতিক সময়ে যাদের সঙ্গে দেখা হয়েছে, এমন কয়েকজনের নাম মনে করার চেষ্টা করুন। সহকর্মী, ক্লাসমেট, প্রতিবেশী বা টিভিতে দেখা কোনো পরিচিত মুখ। নামের সঙ্গে মুখটা কল্পনা করুন। ভুলে গেলে হতাশ হবেন না। একটু সময় দিন। এতে নাম মনে রাখার ক্ষমতা ধীরে ধীরে বাড়বে।
উল্টো গোনা, তবে চ্যালেঞ্জসহ
১০০ থেকে উল্টো করে গুনতে পারেন। এবার একটু নতুন চ্যালেঞ্জ যোগ করুন। প্রতি বার ৭ করে কমান, বা এক সংখ্যা বাদ দিয়ে গুনুন। সহজ লাগলে বুঝবেন, আরও চ্যালেঞ্জ দরকার। এই অনুশীলন মনোযোগ বাড়ায়, মাথাকে দ্রুত ভাবতে শেখায়।
এক মিনিট দেখা, চার মিনিট মনে রাখা
এক মিনিট সময় নিয়ে চারপাশ ভালো করে দেখুন। ঘরে কী আছে, কোথায় রাখা, রঙ কেমন - সব খেয়াল করুন। তারপর চোখ বন্ধ করে চার মিনিট মনে করার চেষ্টা করুন। এই অভ্যাস মনোযোগ বাড়ায়, মনে রাখার শক্তিও বাড়ে।
