রাঙামাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়ন ফরম জমা দেন।মনোনয়নপত্র দাখিলের সময় অ্যাডভোকেট মোখতার আহম্মদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
নির্বাচিত হলে অগ্রাধিকার পাবে সুশাসন ও উন্নয়ন
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মোখতার আহম্মদ তাঁর নির্বাচনী লক্ষ্য তুলে ধরেন।
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি জয়ী হলে শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট মোখতার আহম্মদ একজন সচেতন আইনজীবী ও দীর্ঘদিনের সমাজসেবক হিসেবে এলাকায় অত্যন্ত সুপরিচিত। একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে সাধারণ ভোটাররা তাঁকে যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই আসনটিতে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে রাঙামাটির নির্বাচনী মাঠের রাজনৈতিক তৎপরতা আরও চাঙা হয়ে উঠেছে।
মোঃ কামরুল ইসলাম
রাঙ্গামাটির জেলা প্রতিনিধি
