বাংলাদেশে ব্যান্ডের নতুন গানের সংখ্যা কমে এসেছে। প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর নতুন গান প্রকাশও এখন বিরল। ফলে দীর্ঘ বিরতির পর কোনো ব্যান্ড গান প্রকাশ করলে শ্রোতাদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। এমন সময়ে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে নির্মিত হয়েছে ১০ ব্যান্ডের ১০টি নতুন মৌলিক গান। অংশ নিয়েছে দেশের প্রথম সারির ব্যান্ডগুলো। ১০টি গান নিয়ে বিটিভি নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড উৎসব ২০২৫’। আজ মঙ্গলবার এবং কাল বুধবার রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। প্রথম দিনে অংশ নেবে নির্ঝর, দলছুট, তরুণ, রেনেসাঁ ও শিরোনামহীন। দ্বিতীয় দিনে থাকবে সোলস, ফিডব্যাক, পার্থিব, পেন্টাগন ও নোভা। জানা গেছে, তিন মাস আগে এই পরিকল্পনার শুরু। পরে বিষয়টি ফোয়াদ নাসের বাবুকে জানায় বিটিভি। এরপর তিনি ও শহীদ মাহমুদ জঙ্গী একাধিক বৈঠক করেন। ব্যান্ডগুলোর সময় মিলিয়ে গান তৈরি ও রেকর্ডিং করা হয়। কেউ দেশে ব্যস্ত, কেউ দেশের বাইরে—তার মধ্যেই শেষ হয় কাজ। এ মাসের শুরুতে বিটিভির স্টুডিওতে হয় দৃশ্যধারণ। বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক নুরুল আজম বলেন, ‘বিটিভিকে একঘেয়ে ভাবনা থেকে বের করে আনতেই এ উদ্যোগ। বিশেষ করে তরুণদের কথা ভেবেই ব্যান্ড সংগীতের এই আয়োজন।’
‘ব্যান্ড উৎসব ২০২৫’–এর গ্রন্থনা করেছেন বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তর। প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। সঞ্চালনায় আছেন ফেরদৌস বাপ্পী।
