৯ মাস আগেই শেষ হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত বিচারকাজ। বিচারকদের সুপারিশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা পড়ার পরও এখনো গেজেট হয়নি। অন্যদিকে ২০২৬ সালের প্রথম দিন পর্যন্ত ২০২৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যাপারেও কোনো সিদ্ধান্ত আসেনি,এখন পর্যন্ত আহ্বান করা হয়নি ছবি, গঠন হয়নি জুরিবোর্ডও। কবে হবে এ নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কেউই কোনো তথ্য দিতে পারেননি।
জানা যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে গত বছরের সেপ্টেম্বরে জুরিবোর্ড পুনর্গঠন করা হয় এবং নভেম্বরে পূর্ণাঙ্গ রূপ পায় বোর্ড। এরপর বিচারকেরা ছবি দেখা শুরু করেন। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছবি দেখার কাজ শেষ হয়। পরে বিচারকেরা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম সুপারিশ করেন। ৪ মার্চ সেই সুপারিশসংবলিত ফাইল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এপ্রিলের শেষ সপ্তাহে গেজেট আকারে তা প্রকাশের কথা একাধিকবার শোনা গেলেও তা আর বাস্তবায়িত হয়নি।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, গেজেট প্রকাশ এখন সম্পূর্ণই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। বোর্ডের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাও গেজেট প্রকাশের সময়সূচি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
