জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সাবেকুন নাহার শিখা। তবে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
শনিবার মনোনয়ন যাচাইয়ের সময় কর্তৃপক্ষ জানায়, সাবেকুন নাহারের দাখিল করা সমর্থনকারী ভোটার তালিকায় দুটি নাম্বারে ত্রুটি পাওয়া গেছে। দু’জন সমর্থকের ভোটার নম্বর সঠিক না হওয়ায় নির্বাচন কমিশনের বিধি মোতাবেক তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়নি বলে জানানো হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেকুন নাহার শিখা বলেন,
“আমার দেওয়া তথ্যের সামান্য ভুল হয়েছে। একজনের নামের পাশে অন্যজনের ভোটার নম্বর লেখা পড়ে গেছে। হাতে লিখে ফরম পূরণ করার কারণে এই ভুল হয়েছে। ইচ্ছাকৃত কিছু নয়।”
তিনি আরও জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগতভাবে আপিল করবেন কি না—তা পরিবারের সঙ্গে আলোচনা করে পরে জানাবেন।
এদিকে মনোনয়ন বাতিলের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। এখন দেখা যাবে, আপিলের মাধ্যমে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান কি না।
