এই সময়ের অভিনেত্রী চিত্রনায়িকা ইরা তালুকদার সিনেমা ও নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওতেও সমানভাবে অভিনয় করছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘তুমি ফিরে এসো’।
রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন আসিফ। সংগীত আয়োজন করেছেন এ আর এন্ড রয়, আর গানটি গেয়েছেন সুফিয়ান পরশ। মিউজিক ভিডিওতে ইরা তালুকদারের বিপরীতে মডেল হয়েছেন গায়ক নিজেই।
গানটি নিয়ে ইরা বলেন, ‘এটি অসাধারণ রোমান্টিক গান। গল্পভিত্তিক এই ভিডিওতে প্রেম ও অপেক্ষার অনুভূতি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুফিয়ান পরশের কণ্ঠ আর সুর সব মিলিয়ে কাজটি দারুণ হয়েছে। দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়েই ভিডিওটি নির্মাণ করা হয়েছে।’
নির্মাতা সোহেল খান জানান, সুফিয়ান পরশের গাওয়া গানটি যেমন শক্তিশালী, তেমনি ভিডিওতে ইরা ও সুফিয়ানের রসায়নও চোখে পড়ার মতো। বর্তমান সময়ের দর্শকদের রুচি মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করেছি। আশা করছি, গানটি সবাই উপভোগ করবেন।
জানা গেছে, বছরের প্রথম দিন থেকে এস টুন মিউজিক ইউটিউব চ্যানেলে ‘তুমি ফিরে এসো’ মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হচ্ছে৷
