ইকবাল হোসেন রিংকু||বাংলাদেশে প্রকৃত ও টেকসই পরিবর্তন আনতে হলে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের জন্য এক আইন আর ক্ষমতাবানদের জন্য ভিন্ন আইন এমন বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা বাংলাদেশ আর মেনে নিতে পারে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে কোনো ধরনের বাণিজ্য, দুর্নীতি কিংবা ব্যক্তিস্বার্থের স্থান নেই। তাদের রাজনীতির মূল লক্ষ্য হলো- এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে যুবসমাজের ভবিষ্যৎ হবে নিরাপদ, মা-বোনেরা সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবেন এবং শ্রমিক ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, যদি কোনো সাধারণ নাগরিক অপরাধ করেন, যেভাবে তার বিচার হয় ঠিক একইভাবে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হলেও তাকে আইনের মুখোমুখি হতে হবে। আইন সবার জন্য সমান না হলে কোনো রাষ্ট্র টেকসই হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জনসভায় জামায়াত আমির বলেন, দায়িত্ব পালনের সময় কেউ যদি আল্লাহর ইচ্ছায় ইন্তেকাল করেন, তবে তার পরিবারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। যারা দেশের জন্য আত্মত্যাগ করেন, তাদের পরিবারকে অবহেলা করা হলে রাষ্ট্রের নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়। তিনি ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখে, তবে সেই আমানতের প্রতি কখনো খেয়ানত করা হবে না।
ন্যায়বিচার, জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
