পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসুস্থতা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা হচ্ছে না। সেইসঙ্গে এটি কেবল একটি রাজনৈতিক বিষয় নয়; বরং ‘প্রত্যেক পাকিস্তানির উদ্বেগের বিষয়’ বলেও জানান তিনি।
পিটিআইয়ের এ চেয়ারম্যান পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, ইমরান খানের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা ও নতুন মেডিকেল রিপোর্টের কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তিনি নিজে কিংবা দলের চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখেননি।
তিনি জোর দিয়ে বলেন, ‘ইমরান খানের অসুস্থতার বিষয়ে কোনো রাজনীতি হবে না। আমরা জনসাধারণের কাছ থেকে কিছুই গোপন করব না।’ তার (ইমরান খান) শারীরিক অবস্থার যেকোনো অগ্রগতি স্বচ্ছভাবে জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
সুপ্রিম কোর্টে জমা হয়নি নতুন মেডিকেল রিপোর্ট
নতুন করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর একটি রিপোর্ট প্রস্তুত হয়েছে বলে শোনা গেলেও সেটি এখনো সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি বলে জানান গওহর আলী খান।
