মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও জেলার সার্বিক অগ্রগতি নিয়ে বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
সভায় মাগুরার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, জেলার সার্বিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন