ওগাঁর পোরশা থানা পুলিশের অভিযানে একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে ধারণা করা ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., বুধবার দিবাগত রাত আনুমানিক ২২টা ৩০ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারে যে, পোরশা থানাধীন ১নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ২৩টা ০৫ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ (একশত সাঁইত্রিশ) কেজি। বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করা হয়। বর্তমানে উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রায় হাজার বছর পূর্বের এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
এ বিষয়ে উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
