পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হারিয়ে যেতে বসা ঈদ কার্ডের ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ঈদ কার্ড উৎসব ২০২৬’। শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আমগাছের ছায়ায় সৃজনশীল সংগঠন ‘পরিবর্তনে আমরাই’ এর উদ্যোগে তৃতীয়বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হয়।
“ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে, শৈশবে ফিরে যাই নব উদ্যোমে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ফলে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মাগুরা জেলা প্রশাসন এ উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ পরিবেশনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়।
পরিবর্তনে আমরাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদুর রহমান দুর্জয় বলেন, একসময় ঈদ মানেই ছিল প্রিয়জনদের মাঝে ঈদ কার্ড বিনিময়ের আনন্দ। আধুনিক প্রযুক্তির যুগে সেই আবেগ অনেকটাই হারিয়ে গেছে। বর্তমান প্রজন্মের মাঝে ঈদ কার্ডের আনন্দকে পুনরুজ্জীবিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিযোগীরা নিজেদের শৈল্পিকতা ও নান্দনিকতা ব্যবহার করে ঈদ কার্ড তৈরি করেন।
সংগঠক কঙ্কনা সাহা বলেন, ঈদের আগেই আনন্দ ভাগাভাগি করে নিতে এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মাগুরার মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে গত তিন বছর ধরে এই আয়োজন করা হচ্ছে।
আয়োজনের সাজসজ্জা টিমের সদস্য জারিন তাসনিম মৌনতা জানান, শিশু-কিশোরদের নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে হাতে তৈরি বিভিন্ন ক্রাফটিংয়ের মাধ্যমে পুরো আয়োজনকে সাজানো হয়েছে, যা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশগ্রহণকারীরা দেড় ঘণ্টা সময় ধরে উন্মুক্ত প্রাঙ্গণে বসে মনোমুগ্ধকর ঈদ কার্ড তৈরি করেন। পরে বিচারক হিসেবে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুনিরুল ইসলাম মঞ্জু, চিত্রশিল্পী আবুল কালাম আজাদ, চারুকলা শিক্ষক সুজল কুমার বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক বিপ্লব বিশ্বাস এবং সদর উপজেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক বিএম সজীব তিনটি গ্রুপে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করেন।
এছাড়াও প্রায় ২০০ জন অংশগ্রহণকারীকে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে মেহেদি প্রদান করা হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিদুল আলমসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, প্রযুক্তির যুগে অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। ঈদ কার্ড উৎসবের মতো উদ্যোগ নতুন প্রজন্মকে সৃজনশীলতার সঙ্গে পরিচিত করবে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
