মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে ইরান সরকার। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানির বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে ফাতেমেহ মোহাজেরানি জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার ইউনিটের মধ্যে ৩৬,৫০০টিই আবাসিক ভবন। এর মধ্যে শুধুমাত্র রাজধানী তেহরানেই ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, কেবল আবাসিক ভবনই নয়, জীবন রক্ষাকারী ও শিক্ষাপ্রতিষ্ঠানও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সরকারি তথ্যমতে, ৪৩টি জরুরি সেবা কেন্দ্র, ৩২টি অ্যাম্বুলেন্স এবং ১২০টি স্কুল সরাসরি হামলার শিকার হয়েছে।
হামলায় সাধারণ মানুষের প্রাণহানির চিত্র তুলে ধরে মোহাজেরানি বলেন, এখন পর্যন্ত অন্তত ২২৩ জন নারী নিহত হয়েছেন। এছাড়া নিহত শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।
এর আগে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিও এক প্রতিবেদনে প্রায় সাড়ে ৩৬ হাজার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিল।
