মাগুরায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন, ৮ দফা দাবি
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী, মাগুরা জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় মাগুরা চৌরঙ্গীর মোড়স্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকুল রঞ্জন সিকদার। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকারসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত, বৈষম্য দূরীকরণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংশোধনপূর্বক দ্রুত পাস, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে দলিতদের জন্য কোটা প্রবর্তন, জাতীয় জনশুমারিতে পৃথকভাবে দলিত জনগোষ্ঠীর স্বীকৃতি, জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি।
এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন ব্যবস্থা, গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতাকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও নিরাপত্তা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিও জানানো হয়।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।