জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সোমবার বিকেলে বর্ণাঢ্য র্যালি ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে জেলা পরিষদের গেট থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাগুরা জেলা স্টেডিয়ামের ভলিবল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভলিবল ও লন টেনিস প্রীতি ম্যাচের উদ্বোধন করেন। ভলিবল খেলায় অংশ নেয় সদর উপজেলা একাদশ ও মহম্মদপুর একাদশ। পাশাপাশি জেলা টেনিস ক্লাব মাঠে ১৬ জন খেলোয়াড়ের অংশগ্রহণে লন টেনিস প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত জোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা। অনুষ্ঠানে শতাধিক ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করেন।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি