বাঘাইছড়ি প্রতিনিধি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৬ হাজার ৯ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
১৮ নভেম্বর, দুপুর ১টার ঘটিকার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা কাঠ লোডিং এলাকায় এই অভিযান চালানো হয়। মারিশ্যা জোন কমান্ডারের সুযোগ্য দিক নির্দেশনায় রিভারঘাট পোস্টের হাবিলদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৪২.৭৬ ঘনফুট সেগুন কাঠ আটক করা সম্ভব হয়। আটককৃত এই কাঠের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০৬,৯০০/- (এক লক্ষ ছয় হাজার নয়শত) টাকা মাত্র। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের সম্পদ রক্ষায় এবং চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সদা প্রস্তুত। ভবিষ্যতেও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকবে।”
চোরাচালান বিরোধী এই অভিযানটি প্রমাণ করে যে ২৭ বিজিবি জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে অবৈধ কার্যকলাপ নির্মূলে সর্বদা সচেষ্ট।
