খাগড়াছড়িতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘অ্যাকসেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণটি সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র নিউট্রিশন অফিসার রিনি চাকমা। আরও বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুমতি বিকাশ চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক অংক্যজাই মারমা।
রিনি চাকমা বলেন, দুর্গম এলাকায় বসবাসরত শিশুরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় এবং স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত থেকে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণে প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল, খাদ্য ও পুষ্টি, বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি, কৈশোরকালীন ও মাতৃপুষ্টি, শিশুর পুষ্টি ও অপুষ্টি, খাদ্য নিরাপত্তা, খাবারের গুণগত মান, নিরাপদ খাবার ও পানি এবং পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি শনাক্তকরণে মুয়াক (MUAC) পরিমাপ ও ইডিমা নির্ণয়, জেড-স্কোর নির্ণয়ের জন্য দৈর্ঘ্য ও উচ্চতা পরিমাপ, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের রেফারেল ও ব্যবস্থাপনা এবং পরিবার পর্যায়ে ফলোআপ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠপর্যায়ে বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে ডা. তনয় তালুকদার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেন।
অজয় সেন ত্রিপুরা
খাগড়াছড়ি
