হাতে গোনা আর কয়েকদিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ (২০২৬)। বাংলা নববর্ষের এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আবেগের এক প্রাণবন্ত মিলনমেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠেন উৎসবের আমেজে—নতুন পোশাক, মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ আর নানা লোকজ আয়োজন মিলিয়ে দিনটি হয়ে ওঠে এক অসাধারণ বাঙালিয়ানার প্রকাশ।
এই উৎসবের আগমনী আবহের মাঝেই নিজের ঘরোয়া উদযাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তাদের ঘরে পহেলা বৈশাখ যেন একটু আগেই চলে আসে। সেই আগাম উৎসবের ছবি শেয়ার করে তিনি লেখেন, “পহেলা বৈশাখ আমাদের ঘরে একটু আগেই এসে যায়, গতকাল ছিল সেই উৎসব। নিজ হাতে মাখা পান্তা, ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা...”
তার পোস্টে ফুটে উঠেছে একেবারেই ঘরোয়া কিন্তু রঙিন এক উৎসবের চিত্র। পান্তা-ইলিশ, পিঠাপুলি, মুড়ি মাখা, কাঁচের চুড়ি, বেলুন, হাওয়াই মিঠাইসহ নানা আয়োজন মিলিয়ে যেন এক টুকরো বাঙালিয়ানার প্রাণবন্ত ছবি। মজার ছলে তিনি এই আয়োজনকে “আমাদের নিজস্ব বিশৃঙ্খলা” বলেও উল্লেখ করেন, যা আসলে ভালোবাসা আর পারিবারিক আনন্দেরই প্রতিচ্ছবি।
জয়ার এই ঘরোয়া উদযাপন মনে করিয়ে দেয়, পহেলা বৈশাখ শুধু বড় আয়োজন বা আনুষ্ঠানিকতার নাম নয়, বরং পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া ছোট ছোট আনন্দের মুহূর্তই এই উৎসবের আসল সৌন্দর্য। বাঙালির প্রাণের এই দিনে সবচেয়ে বড় পাওয়া—ঘর ভরা ভালোবাসা আর একসঙ্গে উদযাপনের উচ্ছ্বাস।
