পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর বায়তুল জান্নাত জামে মসজিদে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহজ কুরআন শিক্ষা কার্যক্রমের আওতায় কুরআন শরিফ সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কায়দা ও আমপারা শিক্ষা সম্পন্ন করা কোমলমতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী পুরস্কৃত করা হয়।
মসজিদের মুয়াজ্জিন ও মক্তবের শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম দীর্ঘ প্রায় ৯ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকার শিশুদের কুরআন শিক্ষা দিয়ে আসছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় প্রতিবছরই অনেক শিশু প্রাথমিক কুরআন শিক্ষা সম্পন্ন করে পবিত্র কুরআন শরিফ পড়ার সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এতে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পানছড়ি শাখার কেয়ারটেকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন শিক্ষার মাধ্যমে শিশুরা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ জীবন গঠনের শিক্ষা পায়। দীর্ঘদিন ধরে মাওলানা শফিকুল ইসলাম যে আন্তরিকতার সঙ্গে শিশুদের দ্বীনি শিক্ষা দিয়ে আসছেন, তা এলাকাবাসীর জন্য প্রশংসনীয় উদ্যোগ।
তাঁরা আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ নিশ্চিত করতে মক্তবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
