সান্ডারল্যান্ডের বিপক্ষের ম্যাচে হাঁটুর চোটে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। এক সূত্রের বরাতে ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, টটেনহাম হটস্পারের এই ডিফেন্ডার হয়ত মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবেন না।
ম্যাচের দ্বিতীয়ার্ধে সান্ডারল্যান্ডের ফরোয়ার্ড ব্রায়ান ব্রবির ধাক্কা খেয়ে ভারসাম্য হারান স্পার্স অধিনায়ক রোমেরো। এরপর গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে তার হাঁটুতে আঘাত লাগে এবং ব্যথায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।
তার চোটের অবস্থা শুরু থেকেই গুরুতর আশঙ্কা করা হচ্ছিল। প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, তার হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে, তবে চোটের পূর্ণ মাত্রা জানতে আরও পরীক্ষা করা হবে।
সূত্র অনুযায়ী, রোমেরোকে অন্তত পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। শিগগিরই এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে। ফলে তার এই মৌসুমে আর খেলার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। তবে আসন্ন বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফেরার আশা করছে আর্জেন্টিনা দল।
