“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শহরের নোমানী ময়দানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবীর, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী শামসুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুত কুমার দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে গবেষণা ও সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি