গেল বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিল ‘সাইয়ারা’। বিশ্বব্যাপী সিনেমাটি দারুণ আলোচনায় তৈরি করেছিল। সিনেমাটির মূখ্য চরিত্রে ছিলেন দুইজন নতুন মুখ। সফল সেই সাইয়ারা টিম আবারও একত্রিত হচ্ছে নতুন এক প্রেমের গল্প নিয়ে। নির্মাতা মোহিত সূরি, প্রযোজক অক্ষয় বিধানি এবং তরুণ দুই তারকা আহান পান্ডে ও আনীত পাড্ডা-সবাই মিলে কাজ করতে যাচ্ছে নতুন একটি ছবিতে। যে সিনেমাটির প্রযোজনায় রয়েছে যশ রাজ ফিল্মস।
নাম ঠিক না হওয়া এই ছবির শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরের শেষ দিকে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
এর আগে সাইয়ারা দেশজুড়ে ব্যাপক সাফল্য পায়। ভারতে প্রায় ৩৩৮ কোটি রুপি এবং বিশ্বব্যাপী প্রায় ৫৮০ কোটি রুপি আয় করে এটি ২০২৫ সালের অন্যতম সফল রোমান্টিক ছবির খেতাব পায়। ছবিতে আহান ও আনীতের জুটি দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।
নতুন ছবিটি নির্মাতা মোহিত সূরি বলেন, ‘আমি সবসময় প্রেমের গল্প বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এমন গল্প, যেখানে আবেগ এতটাই তীব্র যে তা উপেক্ষা করা যায় না। এই ছবিতেও সেই গভীর অনুভূতির গল্পই তুলে ধরার চেষ্টা করছি। একই টিম নিয়ে আবার কাজ করতে পারা আমার জন্য বিশেষ কিছু।’