ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীর তীব্র সংকটের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় রোগীদের সঠিক সময়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, জেলার একমাত্র বড় এই সরকারি হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
হাসপাতালের বিভিন্ন বিভাগে শূন্য পদ থাকলেও দীর্ঘদিন ধরে তা পূরণ করা হয়নি। এতে করে কর্মরত চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে সেবার মানও দিন দিন অবনতি হচ্ছে বলে অভিযোগ রোগীদের।
রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসক ও নার্সের অভাবে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না। জরুরি বিভাগেও প্রয়োজনীয় সেবা পেতে দেরি হচ্ছে, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এদিকে হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। দ্রুত প্রয়োজনীয় পদে নিয়োগ দেওয়া হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জেলার প্রধান এই হাসপাতালের সেবার মান উন্নত করতে দ্রুত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া জরুরি। অন্যথায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও বেশি ব্যাহত হবে।
মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি