নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানাধীন ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়।
এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে চালক মোঃ শামীম চৌধুরী (২০),এর কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা দুটি পলিথিনে মোড়ানো মোট ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং জব্দকৃত একটি পুরাতন সুজুকি জিকসার মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি