মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে আলোচনার তুঙ্গে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির আকাশচুম্বী জনপ্রিয়তা ও পর্দায় নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার।
নাটকটিতে ‘ফাতেমা’ নামক ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন দীপা। দর্শকের এই প্রতীক্ষা ও ভালোবাসা নিয়ে তিনি বলেন, আপনারা যখন এসেছিলেন তখন আমি বলেছিলাম যে, মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন। কোনো নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসে লাস্ট ২০-২৫ বছরে, আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে, কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে। এবং একটা সময় দেখা যায় যে আমাদের এত কথা শুনতে হয় যে কেন আসছে না কেন আসছে না! মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের যে তারা এত অল্পতে তাদের মন ভরছে না। তারা মনে করছে যে প্রতিদিন দেখতে পারলে তাদের ভালো লাগবে।
নাটকটির এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত দীপা এর কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রাজকে। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম মনে করে আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষের ভালো লাগার জন্য কিছু করব। সেটা যে এত বেশি হয়ে যাবে ভালো লাগাটা এটা আমরা আসলে আশা করিনি। এটার জন্য আমি বলব যে সবার আগে তো রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। রাজ এভাবে চিন্তা করেছে এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই জায়গায় আপনারা স্থান দিয়েছেন।