রায়পুরে ৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রীর
মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার ৬ দিনেও মাদরাসা ছাত্রী ফাতেমা নুর ওহি (১৩) সন্ধান পাওয়া যায়নি। গত শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বড় বোনের বাড়ীতে যাওয়ার পথে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ ওহি উপজেলার চরপাতা ইউপির পুর্ব চরপাতা গ্রামের আবদুক হক কাজি বাড়ীর কৃষক জাকির হোসেন ও গৃহিনী রানু বেগমের মেয়ে। ৩ ভাই-বোনের মধ্যে সবার ছোট তিনি। এ অবস্থায় পরিবারের দিন কাটছে দুশ্চিন্তায়।
এদিকে বুধবার (২২ এপ্রিল) থানায় মামলা দায়ের করেছেন স্কুল ছাত্রীর বাবা জাকির হোসেন। পুলিশ এখনও আটক করতে পারেনি।
ওহির বাবা জাকির হোসেন জানান, চরপাতা ইউপির এম রহমানিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী ফাতেমা নুর ওহি। বিভিন্ন সময় ওহিকে মাদরাসায় আসাযাওয়ার পথে উত্তক্ত করে আসছিলো একই এলাকার সরাফত আলি চৌকিদার বাড়ীর মৃত আইউব আলীর ছেলে অটোচালক শাহিন হোসেন (২২)। শুক্রবার দুপুরে ওহি পিতার বাড়ী থেকে তার বড় বোনের শশুর বাড়ী চরমোহনা ইউপির উত্তর রায়পুর গ্রামের জিদান বাড়ীতে যায়। কিন্তু ওহি ওই বাড়িতে যায়নি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
অভিযুক্ত শাহিন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া যায়নি। তবে তার মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলেরও কোন খোঁজ পাচ্ছিনা। উভয়ের খোঁজ পেলে আপনাদের জানাবো।
চরমোহনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ( উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা) আবদুস সাত্তার বলেন, মাদরাসা ছাত্রী ওহির নিখোঁজের ঘটনা জানা নাই। খোঁজখবর নিয়ে জানাবো।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, গত শুক্রবার রাতে নিখোঁজের ঘটনায় মাদরাসা ছাত্রীর বাবা জাকির হোসেন বাদী হয়ে শাহিন নামের যুবকসহ চারজনকে আসামি করে বুধবার দুপুরে মামলা দায়ের করেন। মাদরাসা ছাত্রীর নিখোঁজের ঘটনায় কাউকে আটক করা হয়নি। তার সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।